
মাদক নির্মূলে সাহসিকতা ও অসামান্য দায়িত্বনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান। গত ২৬ জুন ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এই সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
মো. সিদ্দিকুর রহমান টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. আকবর আলীর সন্তান। বর্তমানে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের খিলগাঁও সার্কেলের পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
তার এই স্বীকৃতির পেছনে রয়েছে এক বীরত্বপূর্ণ লড়াইয়ের গল্প। গত ২ মার্চ ২০২৬ তারিখে রাজধানীর সায়েদাবাদ রেললাইন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তিনি সংঘবদ্ধ মাদক কারবারিদের সশস্ত্র হামলার মুখে পড়েন। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হওয়া সত্ত্বেও পিছু হটেননি। জীবনের ঝুঁকি নিয়ে আহত অবস্থাতেও তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যান এবং অভিযান সফল করেন।
তার এই সাহসিকতাকে টাঙ্গাইলের গোপালপুরবাসী গর্বের অর্জন হিসেবে দেখছেন। স্থানীয়দের ভাষ্যমতে, প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা একজন কর্মঠ ও সাহসী কর্মকর্তার এমন অর্জন এলাকার তরুণ প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, প্রতিটি অভিযানেই জীবনের ঝুঁকি থাকে। তবে দেশের মানুষকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে নিরলস কাজ করছেন, সিদ্দিকুর রহমানের এই রাষ্ট্রীয় স্বীকৃতি তারই এক উজ্জ্বল উদাহরণ।