
গাজীপুরের শ্রীপুরে ক্রেতাদের সঠিক ওজন ও মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার টেপিরবাড়ি ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আইন অমান্যকারী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ জানান, ওজনে কারচুপি ও পরিমাপের মানদণ্ড লঙ্ঘনের দায়ে ওই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযানে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গাজীপুরের মেট্রোলজি পরিদর্শক মো. হাবিবুর রহমান এবং ফিল্ড অফিসার প্রকৌশলী অর্ণব চক্রবর্তী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। আদালত পরিচালনায় সহায়তা করেন বেঞ্চ সহকারী মো. সাইফুল ইসলাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সেই সাথে সব ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।