
টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের উচ্চ ঝুঁকির কারণে রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী জেলায় অব্যাহত ভারী বর্ষণ চলছে। এর ফলে পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে ভূমিধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। পর্যটক এবং স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই নির্দেশনার আওতায় আজ সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র, পাহাড়ি ট্রেইল, ঝর্ণা এবং দুর্গম এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেইসাথে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসনের পরবর্তী নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।