
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি বেপরোয়া কুকুরের কামড়ে নারীসহ ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার পাইকপাড়া গ্রাম এবং কালীগঞ্জ পৌর শহরের পুরাতন হাটচাঁদনী এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে নলডাঙ্গা সড়ক হয়ে একটি কালো রঙের কুকুর পাইকপাড়া গ্রামে ঢুকে পড়ে। সেখানে কুকুরটি একে একে পাঁচজনকে কামড়ে আহত করে। এরপর কুকুরটি কালীগঞ্জ শহরের দিকে চলে যায় এবং পুরাতন হাটচাঁদনী এলাকায় দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী আসুম কাজির ওপর অতর্কিতে হামলা চালায়।
আহত ভ্যানচালক ইসমাইল হোসেন জানান, তিনি ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় কুকুরটি হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। একই সময়ে ওই গ্রামের আরও চারজন ব্যক্তি হামলার শিকার হন। আরেক ভুক্তভোগী ব্যবসায়ী আসুম কাজি জানান, ব্যবসার কাজে শহরে আসার পর এই হামলার শিকার হন তিনি। কুকুরটির কামড়ে তার হাতের আঙুলের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পরনের কাপড়ও ছিঁড়ে গেছে।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক শিশির কুমার ছানা জানান, আহত ছয়জনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ক্ষতস্থান পরিষ্কার করার পাশাপাশি তাদের সবাইকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তী ডোজ নেওয়ার জন্য নির্ধারিত তারিখ উল্লেখ করে তাদের চিকিৎসাপত্র প্রদান করা হয়েছে। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।