রাজনীতি, সর্বশেষ

রাজনীতি, সর্বশেষ

‘আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, রাজনৈতিক সম্পর্ক আছে’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ব্যক্তিগত বন্ধুত্বের যে আলোচনা চলছে, তা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সাথে তার সম্পর্কটি কেবল রাজনৈতিক ও কর্মী হিসেবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তাকে প্রায়ই প্রধানমন্ত্রীর বন্ধু হিসেবে অভিহিত করা হয়, যা সঠিক নয়। তিনি বলেন, তার এবং প্রধানমন্ত্রীর মধ্যে বয়সের বেশ ব্যবধান রয়েছে। তাই বন্ধুত্বের যে গুঞ্জন শোনা যায়, তা অমূলক। রাজনৈতিক কর্মী হিসেবেই কেবল তার সাথে তার যোগাযোগ রয়েছে।

সংবাদমাধ্যমের সমালোচনা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, তার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার না করে পুরো বক্তব্য তুলে ধরার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সমালোচনা তাকে দমাতে পারবে না, বরং এই আলোচনার মাধ্যমেই তিনি মানুষের কাছে আরও বেশি পরিচিত হয়েছেন। জনগণই তার কাজের ভালো-মন্দ বিচার করবে।

নিজের সম্পদ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী হলফনামায় তিনি নিজের সব সম্পদের তথ্য স্বচ্ছভাবে উল্লেখ করেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে কেউ চাইলে সেই তথ্য যাচাই করতে পারেন। তিনি অভিযোগ করেন, তথ্যের সত্যতা যাচাই না করেই তার সম্পদ আটগুণ বেড়েছে বলে যে খবর প্রচার করা হয়েছে, তা তাকে হেয় করার শামিল। এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের আগে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান তিনি।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত