জাতীয়, সর্বশেষ

জাতীয়, সর্বশেষ

‘সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে’

দেশব্যাপী চলমান বন্যা ও পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করছেন এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সরাসরি নির্দেশনা দিচ্ছেন।

মাহদী আমিন জানান, অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নিয়মিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। উদ্ধার কাজে ইউএনও, ডিসি ও এসপি পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি স্তরের সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের তৃণমূল পর্যায়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

ত্রাণ ও পুনর্বাসন প্রসঙ্গে মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে ২ কোটি টাকার বেশি অর্থনৈতিক অনুদান বরাদ্দ করেছেন, যা ক্ষতিগ্রস্তদের মাঝে দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চালসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।’

চিকিৎসা সেবার বিষয়ে তিনি জানান, দুর্গম এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড এবং প্রয়োজনে সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে। পানিবাহিত রোগ ও সাপের দংশন প্রতিরোধে পর্যাপ্ত ওষুধ ও ভ্যাকসিনের ব্যবস্থাসহ মেডিকেল টিম কাজ করছে। আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য, সুপেয় পানি ও স্যানিটেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মাহদী আমিন বলেন, ‘আমরা উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসন—এই তিন ধাপে কাজ করছি। পানি নেমে যাওয়ার সাথে সাথে রাস্তা ও রেলপথ মেরামতে এলজিইডি ও সড়ক বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও খামারিদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’

সরকার মানুষের সুরক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে উল্লেখ করে তিনি দুর্যোগের এই সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিবরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত