
ফিফা বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পার হতে না হতেই না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণ আফ্রিকার প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার জেডেন অ্যাডামস। মাত্র ২৫ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে পুরো দক্ষিণ আফ্রিকার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর কারণ এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।
জেডেন অ্যাডামস দক্ষিণ আফ্রিকার জাতীয় দল ‘বাফানা বাফানা’র হয়ে সম্প্রতি বিশ্বকাপে অভিষেক করেছিলেন। এর আগে মামেলোদি সানডাউনসের জার্সি গায়ে সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদেই ডাক পেয়েছিলেন জাতীয় দলে। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নকআউট পর্বে তুলতে তিনি মাঠে বড় ভূমিকা রাখেন। তবে রাউন্ড অব ৩২-এ কানাডার বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল খেয়ে বিদায় নিতে হয়েছিল তার দলকে।
ব্যক্তিগত জীবনে বিশ্বকাপের মঞ্চে নামার আগেই বড় এক শোকের মধ্য দিয়ে যেতে হয়েছিল অ্যাডামসকে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের ঠিক দুই সপ্তাহ আগে তার দাদি মারিয়ানা অ্যাডামস মারা যান। সেই শোক বুকে চেপে তিনি যেভাবে দেশের জার্সিতে লড়াই চালিয়ে গেছেন, তা ছিল তার পেশাদারিত্ব ও দৃঢ় মানসিকতার পরিচয়।
তার পরামর্শদাতা ব্রেনডিন জনসন জানান, বিশ্বকাপ শেষ করে ফেরার পর অ্যাডামস নতুন মৌসুম নিয়ে দারুণ আশাবাদী ছিলেন। জনসন বলেন, ‘গত বৃহস্পতিবারও তার সাথে আমার দীর্ঘ কথা হয়েছে। বিশ্বকাপ থেকে ফিরে সে বেশ ইতিবাচক ছিল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উচ্ছ্বসিত ছিল। সে ফুটবল ও পরিবারকে গভীরভাবে ভালোবাসত। আজ তাকে হারিয়ে আমরা ভাষা হারিয়ে ফেলেছি।’
অ্যাডামসের পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। তরুণ এই প্রতিভাবান ফুটবলারের অকাল প্রস্থান দক্ষিণ আফ্রিকার ফুটবলে এক গভীর শূন্যতা তৈরি করল, যা ফুটবলপ্রেমীদের হৃদয়ে দীর্ঘদিন ক্ষত হয়ে থাকবে।